নিজস্ব প্রতিবেদক:প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ বৃহস্পতিবার।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশের সিদ্ধান্ত থাকলেও তা থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ডিপিই জানিয়েছে, কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে রোববার (১২ জুলাই)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। এছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

0 মন্তব্যসমূহ